কাঁচা ফল যদি ফরমালিন বা যেকোনো কেমিক্যাল ব্যবহার করে পাকানো হয় তাহলে সেটা অপরাধ। রাষ্ট্রীয়ভাবে অপরাধ, নৈতিকভাবেও অন্যায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গোনাহ। এই অন্যায়ভাবে পাকানো ফল খেলে মানবদেহের সমূহ ক্ষতি হয়ে থাকে। কখনো কখনো সেটা মানুষের শরীরে ক্রনিক ডিজিজের সৃষ্টি করে তার মৃত্যু ঘটাতে পারে।
এই উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করেন, একজন ব্যক্তি বা একদল ব্যক্তির মধ্যে ইসলাম পরিপক্ব হয়নি, মানে ইসলামের বিধানাবলি সে বা তারা পরিপূর্ণভাবে বুঝতে পারেনি; এই লোকজন যদি অজ্ঞতা সত্ত্বেও ইসলামের বিধানাবলি সমাজে প্রয়োগ করতে তৎপর হয়, তবে সেটা ইসলামের জন্য এবং সমাজের জন্য সমূহ ক্ষতি বয়ে আনবে নিঃসন্দেহে।
সবচে দুশ্চিন্তার বিষয় হলো, আপনারা জাননেওয়ালা মানুষরা যদি এই ধরনের ‘ফরমালিন দিয়ে পাকানো’ লোকদের অপরিপক্ব ইসলামকে ‘সঠিক ইসলাম’ বা তাদেরকে ‘তৌহিদী জনতা’ আখ্যা দিয়ে মহান বানানোর কোশেশ জারি রাখেন, জেনে রাখুন, আপনারা এই দেশে ইসলামের ভিতরে ক্রনিক ডিজিজ পুশ-ইন করার বন্দোবস্ত পাকাপোক্ত করছেন। না জেনে না বুঝে আপনার হই হই রই রই প্রণোদনা যেন তাদেরকে কোনোভাবেই উৎসাহিত না করে।
সতর্ক হোন। ফরমালিন দিয়ে পাকানো লোকদের ইসলাম থেকে সমাজকে হেফাজত করুন, ইসলামকে হেফাজত করুন।