শাপলাবিরহ

বিরহে কাতর নই হে রোদেলা পথ
হে শহরের পাষণ্ড পাথর দেয়াল
শ্রান্তিতে ঘুমায়নি রাত্রিজাগা চোখ;
তোমার ঘৃণার কাছে
আজ পরাজিত রক্ত নামের যে স্রোতেলা ক্রোধ
জেনে রেখো, রক্তঋণী এই পাথর থেকেই
একদিন জন্ম নেবে
আমার রক্তশোধের চারাগাছ
______________
দুঃসাহস
ভাবনার কাছে আমি লজ্জিত নই,
পরাজিত নই হে ক্ষুব্ধ সময়
হৃদয়ের ভেতরে ভেতরে আমারও আছে
দুঃসাহসী হবার ইতিহাস
________________
নিজস্ব বিজয়
কিছু সময় স্তব্ধ থাকুক সময়
আমাদের কাছে রক্ষিত কিছু পেণ্ডুলাম আছে,
নির্মাণাধীন কয়েকটি নদী
পোষমানা খানিকটা আগুন
রোপণ করা অনেকগুলো কবর আছে
আমরা কবরগুলো পাহারা দিতে ভালোবাসি
আমাদের ভালোবাসার কাছে
কবরের নীরবতা এক ধরনের বিজয়োল্লাস
___________________
ব্যক্তিগত দেশ
বুকটা জুড়ে লাল ছিল তার
অঙ্গবৈভবে ডানা মেলা
সবুজ গাঙচিল ছিল তার,
আমি তার মুখাবয়ব সবাইকে
আঙুল তুলে দেখালাম
সবাই বলল, ওটা তো শ্মশান
আমি বললাম, না, ওটাই আমার দেশ
ওইখানে আমার বাংলাদেশ ঘুমায়
________________________
দেশ-প্রত্যাদেশ
আকাশ নীলে লিখেছিলাম রক্তজবার ঋণ
হাওয়ার চোখে লুকিয়েছিলাম অগ্নিঝরা দিন,
পাখির কাছে বন্ধকি মোর একশ বিঘা বুক
মাতৃগর্ভে গচ্ছিত রাখি জন্ম নেওয়ার সুখ,
আজকে আমি ক্রুদ্ধ আছি নিঃস্ব আছি রিক্ত আছি বেশ
দাও ফিরিয়ে রক্ত ঋণে—আমিই বাংলাদেশ!

 

 


Leave a Reply

Your email address will not be published.