যারা বই পড়তে শিখেছে, শৈশবের আনাড়ি বর্ণশিক্ষা পার হয়ে যারা নজর দিচ্ছে নানা স্বাদের গল্পের বইয়ের দিকে; তাদের জন্য ইসলামি পাঠ্য বিষয় আশয়ের অভাব রয়ে গেছে।

বলছি আমাদের কিশোর-কিশোরীদের কথা। যারা প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে প্রবেশ করছে গল্প-উপন্যাসের মায়াবী জগতে। তাদের জীবন গঠনের জন্য বহুমুখী ইসলামি প্রকাশনা কন্টেন্টের অপ্রতুলতা এখনও প্রকটভাবে দৃশ্যমান।
অথচ এই কিশোর বয়সেই তাদের মনমুকুরে প্রথম অংকুরিত হয় মায়া-মমতা, প্রেম-ভালোবাসা, ধর্ম-অধর্মের বীজতলা। নতুন চিন্তা, নতুন মতাদর্শ, নতুন কিছু জানা ও শেখার জন্য তাদের হৃদয় বেকারার হয়ে ওঠে। ঠিক এই সময়টাতে যদি আমরা তাদের হৃদয়ে ইসলামের অনুপম ও নৈতিক শিক্ষাগুলো তুলে ধরতে না পারি তাহলে আমাদের এই প্রজন্ম তাঁবেদার হয়ে পড়বে পশ্চিমা সংস্কৃতির। আল্ট্রা মডার্ন লাইফস্টাইল আর ঝকঝকে দুনিয়ার ফাঁদে পড়ে হারিয়ে যাবে অন্ধকারের অতলে।
কিন্তু আমরা আমাদের ‘নবীন ঈশান’দের হারাতে দেব না।
২.
এই চিন্তা থেকে কিশোর-কিশোরীদের জন্য লেখা শেষ করলাম আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনী। নবীজির সিরাত। পৃথিবী শ্রেষ্ঠা মানুষের জীবন। জীবনের গল্প।
কিশোর ক্লাসিক
আমার নবি :
মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২২৪ পৃষ্ঠার সিরাতের বইটি লেখা হয়েছে অনেকটা গল্পের আদলে। আবার একেবারে শিশুতোষ গল্পের ঢংয়েও লেখা হয়নি। কেননা, কিশোর-কিশোরীরা নিজেদেরকে শিশুদের চাইতে খানিকটা ‘উপরের লেভেলের’ মানুষ মনে করে। এই চিন্তা থেকে বইটি চাররঙা ছাপা হবে যদিও, কিন্তু বইয়ের মধ্যে ইলাস্ট্রেশন/ডিজাইন ব্যবহার করা হয়েছে সীমিত আকারে। যাতে কিশোর বয়সীরা নিজেদেরকে ‘হায়ার ক্লাস’-এর মানবমণ্ডলি হিসেবে ভাবতে পারে।
আমার কর্মস্থল Akij-Monowara Prokashoni থেকে আশা করি আগামী মাসেই বইটি বাজারে আসবে। সকলের দোয়া কামনা করছি।
৩.
আমাদের ধর্মীয় অঙ্গনে একটা সময় শিশুদের জন্য তেমন কোনো ইসলামি কন্টেন্ট ছিল না। যা ছিল তা খুবই অপ্রতুল। এই অপ্রতুলতার বেদনা ঘুঁচাতে পাঁচ-ছয় বছর আগে আমি শিশুদের জন্য লিখি ‘ছোটদের সাহাবি সিরিজ’। বইগুলো বিপুলভাবে সমাদৃত হলে একে একে লিখতে শুরু করি দরবেশ সিরিজ, একটি আয়াত একটি গল্প, একটি হাদিস একটি গল্পসহ অন্যান্য বেশ কিছু শিশুতোষ সিরিজ।
আলহামদুলিল্লাহ! এর পর থেকে আমাদের ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও এ ব্যাপারে অগ্রসর হয়ে শিশুদের জন্য নিত্যনতুন কন্টেন্ট বাজারে আনতে থাকে। বাজারে এই মুহূর্তে শিশুদের জন্য নানা স্বাদের অনেক কন্টেন্ট তৈরি হয়েছে। এটা আমার জন্য আন্দন্দের সংবাদ।
সেই আনন্দ আরও বিস্তৃত করতে আমি আমাদের ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করব, বিগত বছরগুলোতে আপনারা যেভাবে শিশুদের জন্য বহুমুখী ইসলামি বই-পুস্তক প্রকাশ করে ইসলামি পঠন-পাঠনের অভাব পূরণ করেছেন, কিশোর-কিশোরীদের জন্যও নতুন নতুন কন্টেন্ট তৈরি ও প্রকাশে আপনারা উদ্যোগী হবেন।
আপনাদের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টা থাকলে ইসলামি জ্ঞান-বিপ্লবের ধারায় স্নাত হবে আমাদের পরবর্তী প্রজন্ম; যারা সৃষ্টি করবে নতুন এক বিপ্লব, নতুন এক ইসলামি সমাজ।

 

 


Leave a Reply

Your email address will not be published.