ইসলামি বই-পুস্তক জাননেঅলা লোক মাত্রই তাকে চিনবেন। তিনি ‘হাবিবিয়া বুক ডিপো’! যদিও তার আদি ও আসল নাম কবির আহমদ, কিন্তু জাননেঅলারা তাকে হাবিবিয়া বুক ডিপোর সাদা দাড়িঅলা বলেই পরিচয় করিয়ে দেন। তার সাং: বই মার্কেট, বায়তুল মোকাররম, পল্টন, ঢাকা ১০০০।

এই বৃদ্ধের সঙ্গে আমার চিন-পেহচান দীর্ঘদিনের, সে-ও প্রায় ১৬-১৭ বছর তো হবেই। তার চোখের সামনেই আমি পাঠক থেকে লেখক হয়ে উঠেছি। তারুণ্যের পাঠক প্রতিমাসে নতুন পত্রিকা খুঁজতে ধর্না দিত তার আস্তানায়। এখন লেখক হয়েও তার ছোট্ট গুপ্তধনী দোকানে বসে থাকি। সময় গড়িয়ে যায়।
তাকে নিয়ে মাসিক নবধ্বনি পত্রিকায় একবার কভারস্টোরি করেছিলাম ৫-৬ বছর আগে। তখন জেনেছি তার জীবন ও জীবিকার অতীত-বর্তমান। স্বাধীনতার আগে থেকে শুরু করেছেন বইবিক্রি। প্রথমে ভ্যানগাড়িতে, এখন বায়তুল মোকাররমের ছোট্ট তক্তপোশ। দেখতে ছোট্ট হলেও এই দোকানের বরকতে ঢাকায় করেছেন নিজের বাড়ি, ছেলেমেয়েদের মানুষ করে দু-একজনকে সরকারী চাকরিতেও বন্দোবস্ত করতে পেরেছেন। এখন বয়সে ভাটার টান!
তবু তিনি যেন চিরতরুণ, চিরসজিব, প্রাণোচ্ছল। সেই সাদা পাজামা-পাঞ্জাবি উৎকীর্ণ করে ধবধবে সাদা দাড়ি, দাড়ির ফাঁকে পান খাওয়া মুখে কথার ফুলঝুরি, হাল-হাকিকত, তবিয়তের হালপুরস্তি। কথারা ডানা মেলে।
তাই যখনই তার পাশে বসি, মনে হয় Life is beautiful

 

 


Leave a Reply

Your email address will not be published.