সাইবেরিয়ার কোনো এক হ্রদের কিনারে দাঁড়িয়ে থাকা
একটি নিঃসঙ্গ সিডার গাছ বলে উঠল, আমি এখানে, এখানে…
পরিযায়ী কয়েকটি পাখি এসে তাকে সঙ্গ দিল
গাছের ডালে তারা সংসার পাতলো, বাচ্চা ফুটালো
তারপর যখন শীত শুরু হলো, তুষারপাতের আগেই—
পাখিরা দক্ষিণের নাতিশীতোষ্ণ কোনো দেশে যাওয়ার
প্রস্তুতি নিতে শুরু করল
যাত্রা শুরুর আগে পাখিরা গাছটিকে বলল,
এই তীব্র তুষার-শীতে তোমার তো কষ্ট হবে, বৃক্ষ
তুমিও আমাদের সঙ্গে চলো
গাছটি বলল না যে, আমি তো উড়তে পারি না
সে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই