রাষ্ট্রের মাথা থেকে হাঁটু পর্যায়ের সরকারি কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, আর আমরা তাদের সেসব কাণ্ডের ছবি ও সংবাদ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে বা পোস্টে কমেন্ট করে হাসাহাসি করি। নিজেরা আমোদিত হই, অন্যদের সঙ্গে শেয়ার করে হা হা করি, চায়ের দোকান থেকে ড্রয়িং রুমে বসে বসে বিশ্লেষণ করি। কখনো কি আমাদের মনে এমন প্রশ্ন এসেছে—এই যে হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তারা মেরে দিচ্ছে, এগুলো কাদের টাকা?
এ টাকাগুলো আপনার-আমার। বাংলাদেশের প্রত্যেকজন মানুষের।
কাজেই সোস্যাল মিডিয়ায় এই কালপ্রিটদের নিয়ে ঘৃণা যেমন প্রকাশ করবেন, তেমনি আপনার নিজের টাকা কেন অবৈধভাবে সরকারি কর্মকর্তারা আত্মসাৎ করছে— এই প্রশ্নও জোরদারভাবে করুন। শুধু তাদের নিয়ে হাসি-ঠাট্ট, ফান করেই নিজের দায়িত্ব শেষ করে দেবেন না। আপনার ভাগের টাকা কীভাবে চোর-বাটপাররা চুরি করে নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করছে—এমন প্রশ্ন তুলতে ভুলবেন না।
আপনার আমার যে টাকা, এই টাকাগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল সরকারের, রাষ্ট্রের। প্রতিটি সরকার যখন চার বছরের জন্য শপথ গ্রহণ করে তখন তারা এই শপথ নেয় যে, রাষ্ট্রের প্রতিটি সম্পদের তারা যথাযোগ্য হেফাজত করবে। কিন্তু সরকার যখন সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, যোগ্য লোকদের বদলে অযোগ্য ও কালপ্রিটদের পরিপালন করে তখন দোষটা তো কেবল ওই কর্মকর্তাদেরও দেয়া যায় না।
সুতরাং আপনার সম্পদ নিয়ে প্রশ্ন করুন। রাগান্বিত হোন। ক্রুদ্ধ হোন।