আমি ইবনে খালদুনের মোকাদ্দমাটা পড়িনি
এটা শুনে একজন তরুণ বললো—
তাতে এমন কিছু যায় আসে না
মোকাদ্দমার একটা মোকাদ্দমা লিখে আপনাকে আমি পড়তে দেবো
আমি ভলতেয়ার, ইবনে তাইমিয়া, মার্ক্স বা ট্রটস্কির রাষ্ট্রচিন্তা বিষয়ে নিরুদ্বেগ
তরুণটি ভ্রুর ইশারায় তাচ্ছিল্য হেনে বললো—
তাতে এমন কিছু যায় আসে না
রাষ্ট্র বিষয়ে চিন্তা না করেও যে আপনি রাষ্ট্রদ্রোহী হতে পারেন
এটা আমি আপনাকে প্রমাণ করে দেখাবো
অ্যাবস্ট্রাক্ট, স্যুয়ারিলিজম, ন্যুডিটি আমি ঘৃণা করি
তরুণটি হেসে বললো—
আপনি শান্ত হোন, আপনি নিজেকে তুচ্ছ ভাবছেন
আপনি জীবনকে শিল্পহীনভাবে প্রদর্শন করতে পারেন না
একজন কবিকে হতে হবে শিল্পের সমঝদার
হয়তো ভক্তি করেন, নয়তো ভাব ধরেন—
আপনি পিকাসোর গুয়ের্নিকার একমাত্র ফানাফিল্লাহ
আমি বললাম—
আমি আকাশ, নক্ষত্রের রাত, সবুজ, বৃষ্টি, শিশু এবং নারী ভালোবাসি
এটা শুনে তরুণটি কিছুক্ষণ রেললাইনের দিকে তাকিয়ে রইলো
ট্রেন আসার এখনও কিছুটা সময় বাকি
আমাদের চারপাশে গিজগিজ করছে লোকারণ্য
সন্ধ্যারাগের আকাশ থেকে ঝরছিলো ঝিরিঝিরি খুচরা বৃষ্টি
একজন বাদামবিক্রেতা দাঁড়িয়েছিলো আমাদের খুব কাছেই
তরুণটি পটেটো চিপসের কয়েকটি স্লাইস মুখে দিয়ে বললো—
আমার সত্যি একজন প্রেমিকা দরকার
আমার ভেতরে প্রেমের স্থিরতা প্রয়োজন
আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন?
বিমানবন্দর রেলস্টেশন বেশ রোমান্টিক একটা জায়গা
কাল রাতে আমার ভালো ঘুম হয়েছে
ঘুমের ভেতর স্বপ্নসংক্রান্ত কোনো সমস্যা হয়নি
কোনো ফোনকল আসেনি
ইবনে খালদুন, ইবনে তাইমিয়া, মার্ক্স
বা রাষ্ট্রচিন্তা আমাকে কাবু করতে পারেনি
কারণ রাতে আমি ঘুমিয়েছিলাম প্রেমিকার মন্ত্রপূত ঘ্রাণ শরীরে মেখে
সকালবেলা শুনলাম, শহর থেকে আমাদের তরুণটি নিখোঁজ
আমার প্রেমিকা আমাকে বললো—
তরুণটির সব ছিলো
শুধু বুক আগলে ধরে রাখার একজন প্রিয়তমা ছিলো না